রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বুটেক্স সাংবাদিক সমিতির নিন্দা ও প্রতিবাদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বুটেক্স সাংবাদিক সমিতি (বুটেক্সসাস)।
সোমবার (৫ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে বুটেক্স সাংবাদিক সমিতির সভাপতি রাতুল সাহা ও সাধারণ সম্পাদক মো. মাহাদী হাসান চৌধুরী এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, রোববার (৪ অক্টোবর) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশীয় অস্ত্র নিয়ে অবস্থানরত ব্যক্তিদের ছবি ও ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। এতে চার সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া, হামলা ও হেনস্তার ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব।
বুটেক্স সাংবাদিক সমিতি অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনা, আহত সাংবাদিকদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে ক্যাম্পাসে সাংবাদিকদের নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছে।
বুটেক্স সাংবাদিক সমিতি মনে করে, সাংবাদিকের ওপর হামলা মানে শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়; এটি সত্য প্রকাশ ও স্বাধীন সাংবাদিকতার ওপর হামলা। তাই এ ধরনের ঘটনায় কোনো ধরনের ছাড় গ্রহণযোগ্য নয়।
বার্তা প্রেরক
শেফাক মাহমুদ
দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক
বুটেক্স সাংবাদিক সমিতি
